সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে সেখানে গেছেন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
এদের মধ্যে ২ হাজার ৮৩০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৭ হাজার ৬৯৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে গেছেন।
এর আগে গত ১৮ এপ্রিল হজযাত্রী পরিবহন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ওই দিন ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর প্রথম বিশেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী।
এসি//