আন্তর্জাতিক

মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দা গার্ডিয়ান। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথে বিধিনিষেধ বহাল থাকবে।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌ ইউনিট একটি তেলবাহী জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটির ওপর গুলি চালায় বলে আন্তর্জাতিক সামুদ্রিক সূত্রে জানা গেছে। একই জলপথে থাকা একটি ভারতীয় পতাকাবাহী জাহাজেও হামলার ঘটনা ঘটেছে।

ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, প্রণালিটি এখন সম্পূর্ণভাবে সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ বলেন, ইরান থেকে যাতায়াতকারী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত না হলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে, তবে গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে কোনো ধরনের চাপ বা ‘ব্ল্যাকমেইল’ মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করেন, তেহরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ বহাল থাকবে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

পরবর্তীতে ইরানকে সমর্থন জানিয়ে ইসরাইলে হামলা করে হিজবুল্লাহ। জবাবে ২ মার্চ থেকে লেবাননে ধ্বংসাত্মক আগ্রাসী হামলা শুরু করে ইসরাইল। 

বুধবার সকালে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তেহরানও রাজি হয়। 

চলমান সংঘাত এখন অষ্টম সপ্তাহে প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে নাজুক যুদ্ধবিরতি কয়েক দিনের মধ্যে শেষ হওয়ার কথা। এর মধ্যেই আবার উত্তেজনা বেড়ে যাওয়ায় নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #হরমুজ