দেশজুড়ে

ক্ষেত থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল গ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শিশূ হত্যার সাথে জড়িত এমন সন্দেহে গণধোলাইয়ে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরপরই পরিবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ শুরু করা হয়।

রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়রা পিতাপুত্রসহ তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এতে অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু নিহত হন। এ সময় পান্নু মিয়ার ছেলে নাজমুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাটিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, গণধোলাইয়ের পর তাদের পানিতে ফেলে রাখা হয়েছিল।

এ বিষয়ে সদর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং একই সঙ্গে গণধোলাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মানিকগঞ্জ #হত্যা