মার্কিন নৌ অবরোধ চলতে থাকলে গুরুত্বপূর্ণ তিনটি জলপথে নৌ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড কাঠামোর গুরুত্বপূর্ণ ইউনিট ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর কমান্ডার আলি আবদোল্লাহি এ সতর্কবার্তা দেন।
বুধবার (১৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আলি আবদোল্লাহি জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের ওপর হরমুজ প্রণালিতে অবরোধ চালিয়ে যায়, তাহলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান উপসাগরে কোনো ধরনের নৌ পরিবহন চলতে দেওয়া হবে না।
আলি আবদোল্লাহি আরও জানান, এ ধরনের পদক্ষেপকে ইরান যুদ্ধবিরতি ভঙ্গের সূচনা হিসেবে দেখবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কার্যক্রম অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, অবরোধ শুরুর পর প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ হরমুজ অতিক্রম করতে পারেনি। ওমান উপসাগর এলাকায় কয়েকটি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও তারা জানিয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে প্রায় ছয় সপ্তাহের সংঘাতের পর গেল ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা হলেও প্রথম দফায় কোনো অগ্রগতি হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই আবার আলোচনা শুরু হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি ইরান।
এমএ//