হরমুজ প্রণালি অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট তৃতীয় তেলবাহী জাহাজ। মঙ্গলবার (১৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শিপিং ডেটা বিশ্লেষণে জানা যায়, পানামার পতাকাবাহী ‘পিস গালফ’ নামের ট্যাঙ্কারটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের দিকে এগোচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত আরও দুটি জাহাজ একই জলপথ দিয়ে যাত্রা করে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই তিনটি ট্যাঙ্কারই ইরানের কোনো বন্দরের দিকে যাচ্ছিল না। ফলে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব তাদের ওপর পড়ছে না।
এদিকে ‘মুরলিকিশান’ নামের আরেকটি মাঝারি আকারের ট্যাঙ্কার ১৬ এপ্রিল ইরাকে গিয়ে জ্বালানি তেল নেওয়ার পরিকল্পনা করছে। জাহাজটি আগে ‘এমকেএ’ নামে পরিচিত ছিল এবং রাশিয়া ও ইরানের তেল পরিবহনে ব্যবহৃত হয়েছে।
অন্যদিকে, ‘রিচ স্টারি’ নামের একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাঙ্কার অবরোধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ প্রণালি পেরিয়ে উপসাগর ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমএ//