ঈদের আমেজ কাটলেও রাজধানীর নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। সবজি, মাছ ও মাংসের দাম উর্ধমুখী হওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর নাভিশ্বাস উঠে যাচ্ছে।
শুক্রবার (০৩ মার্চ) রাজধানীর বিভিন্ন ঘুরে দেখা গেছে, অধিকাংশ পণ্যের দাম এখনো মধ্যবিত্তের নাগালের বাইরে। মাছের বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না, যা ক্রেতাদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।
মাছের দামে ব্যাপক তারতম্য দেখা গেছে। পাঙ্গাশ ২০০ টাকা, তেলাপিয়া ২৩০ টাকা, রুই ২৪০ থেকে শুরু করে বড় আকারে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া মৃগেল ২৫০-৩০০ টাকা, দেশি টেংরা ৬০০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকা, শোল ৭০০ টাকা এবং কই-শিং জাতের মাছ ৪০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, ঈদের আগে দাম বাড়লেও পরে কমার আশা ছিল। কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি।
মাংসের বাজারেও স্বস্তি নেই। গরুর মাংস কেজিপ্রতি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৯৫ টাকায় নামলেও তা এখনও অনেকের নাগালের বাইরে। আর সোনালি মুরগির দাম কেজিতে প্রায় ৩৪০ টাকা, যা সাধারণ ক্রেতাদের জন্য প্রায় বিলাসী পণ্যে পরিণত হয়েছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও সামগ্রিকভাবে বাজার এখনো অস্বস্তিকর।
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বৃদ্ধি, সরবরাহ সংকট এবং উৎপাদন ব্যয় বাড়ার কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না।
এমএ//