অর্থনীতি

এক ধাক্কায় আবারও বাড়লো স্বর্ণের দাম

বায়ান্ন প্রতিবেদন

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও অস্থিরতা।  আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে এখন প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ, অর্থাৎ পাকা স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতেই এই সমন্বয় করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দামের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ হাজার ৬৮২ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

এর আগে গতকাল ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। তার আগে ২৮ মার্চ দু’দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৬ হাজার ৫৯০ টাকা। অর্থাৎ টানা চার দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়লো ১৩ হাজার ১২২ টাকা।

ক্রমাগত ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে নতুন করে দাম বাড়ানোর ঘোষণায় গয়না ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের মাঝেও বাড়িয়েছে উদ্বেগ।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ