প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন, দেশের জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। তাই পেট্রোল পাম্পের মালিকসহ কেউ তেল মজুত করলে এতে লাভবান হতে পারবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়) জাহেদ উর রহমান।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, বর্তমান বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অতিরিক্ত অনিশ্চয়তার কারণে মানুষ প্যানিক বায়িং করছে।
তিনি বলেন, “ঈদের আগে কিছু তেল রেশনিং করা হয়েছিল। কেউ প্যানিক বায়িং করেছে, কেউ অতিরিক্ত মজুত করার চেষ্টা করছে। এতে সরাসরি লাভের সুযোগ নেই।”
উপদেষ্টা আরও জানিয়েছেন, সরকার নিয়মিত তেলের সাপ্লাই চেইন ও স্টোরেজ বজায় রাখছে। প্রয়োজন হলে জনগণকে সঠিক তথ্য দিয়ে সচেতন করার ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সমন্বয়হীনতা কম হলেও কোথাও যদি সমস্যা থাকে তা সমাধান করা হবে।
জাহেদ উর রহমান বলেন, “আমরা বৈশ্বিক সংকট মোকাবিলায় সচেষ্ট, নতুন সরবরাহ আসার মূল্য বেশি হলেও জনগণের ক্রয় ক্ষমতা বিবেচনা করে দাম বাড়ানো হয়নি। তাই সবাইকে শিথিলতার সঙ্গে তেলের ব্যবহার নিশ্চিত করতে হবে।”