লেবাননে চলমান ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন হাজারের বেশি মানুষ, আহত হয়েছেন আরও ২ হাজার ৫৮৪ জন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ১১৮ জন শিশু ও ৭৯ জন নারী রয়েছেন। আহতদের মধ্যেও ৩৬৫ জন শিশু ও ৪১৪ জন নারী আহত হয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩৩ জন নিহত এবং ১৫২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
যদিও ২০২৪ সালের নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর ছিল, তবে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে পাল্টাপাল্টি হামলার মধ্যেই মার্চের শুরু থেকে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী।
এদিকে ইসরাইলের গণমাধ্যম চ্যানেল টুয়েলভ জানায়, হামলার ঝুঁকি কমানো অজুহাতে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে তেল আবিব।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
এমএ//