পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়েও বাড়ির পথে ছুটছে মানুষ। তবে আগের মতো ভোগান্তি নেই। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এখন অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতি বিরাজ করছে। যানবাহনের চাপ কমে যাওয়ায় সড়কে ফিরেছে স্বাভাবিক গতি, যাত্রীরা নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।
শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ চিত্র দেখা যায়।
যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা।
এর মধ্যে ঢাকামুখী যানবাহন ছিল ১৩ হাজার ৭১৫টি, যেখান থেকে আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গমুখী ৩১ হাজার ৮৯৫টি যানবাহন থেকে টোল এসেছে ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২০০ টাকা।
গেল পাঁচ দিনে সেতু দিয়ে মোট ২ লাখ ৫২ হাজার ৩৬টি যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে ১৫ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর থেকেই মহাসড়কে চাপ কমতে শুরু করে। বর্তমানে গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানজট নেই, ফলে যাত্রী ও চালকরা স্বস্তিতে পথ পাড়ি দিচ্ছেন।
এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, অতিরিক্ত যানবাহন ও বিকল গাড়ির কারণে আগে কিছুটা ধীরগতি থাকলেও এখন তা কেটে গেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কজুড়ে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
এমএ//