ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ দাবি করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মঙ্গলবার (১৭ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।
এদিকে মঙ্গলবার বিকেলে লারিজানির ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে একটি হাতে লেখা বার্তা প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক মার্কিন হামলায় নিহত ইরানি নাবিকদের স্মরণে লেখা ওই বার্তাটি ইরান-সমর্থিত গণমাধ্যমেও প্রচার করা হয়েছে। নিহতদের জানাজা একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, লারিজানিকে সর্বশেষ গত শুক্রবার জনসম্মুখে দেখা যায়। ওই সময় এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বোমা হামলাগুলো ইরানের শত্রুদের হতাশারই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, শক্তিশালী কোনো পক্ষ কখনো বিক্ষোভের মধ্যে হামলা চালায় না। এ ধরনের পদক্ষেপ দুর্বলতা ও ব্যর্থতার ইঙ্গিত দেয়।
লারিজানি আরও বলেন, ইরানি জনগণ দৃঢ়চেতা ও সাহসী। তাদের ওপর যত চাপ প্রয়োগ করা হবে, তারা তত বেশি ঐক্যবদ্ধ হবে।
এমএ//