দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে প্রতি শনিবার এসব রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান চালানো হবে।
রোববার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাও সংযুক্ত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ১৪ মার্চ থেকে প্রতি শনিবার জনসাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে উদ্বুদ্ধ করে মশার প্রকোপ কমানো পর্যন্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্র, বাসস্থান এবং সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম পরিচালনা করতে হবে।
কার্যক্রমের অংশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধনের জন্য কীটনাশক ছিটানো এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। এছাড়া, কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কর্মকর্তারা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ে উদ্যোগ নিতে পারেন।
স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শক্রমে সচেতনতা বৃদ্ধির জন্য র্যালি, মাইকিং, ঢোল সহ বিভিন্ন প্রচারণা, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা এবং উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করে জনসাধারণকে এই কার্যক্রমে সম্পৃক্ত করার ব্যবস্থা করতে হবে।
এসি//