প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, মির্জা আব্বাসকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স বিকাল ৩টায় ঢাকায় অবতরণ করবে। সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে সন্ধ্যা ৬টায়।
এর আগে গেল বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে তিনি জ্ঞান হারান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি সেখানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এছাড়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের একাধিক মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তাকে দেখতে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এমএ//