সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘুরতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন—সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফে সানি (১৮) এবং একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ফয়সাল আহম্মেদ (২০)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা–ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, দুপুরের দিকে আলফে সানি ও ফয়সাল আহম্মেদ উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলওয়ে ব্রিজ এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে তারা ব্রিজের ওপর উঠে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুপুর প্রায় ২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ব্রিজ এলাকায় পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
এসআই মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনার পর আলফে সানি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ফয়সাল আহম্মেদকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আই/এ