আন্তর্জাতিক

আমেরিকার মতো দুর্নীতিগ্রস্ত নির্বাচন আর কোথাও নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে চলমান অঙ্গরাজ্যভিত্তিক প্রাথমিক নির্বাচনের মধ্যেই নির্বাচনী ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (০৯ মার্চ ) ওয়াশিংটন ডিসিতে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বিশেষ করে ডাকযোগে ভোটদান বা মেইল ব্যালট ব্যবস্থাকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেন। তিনি দাবি করেন, বিশ্বের অধিকাংশ দেশই এখন কাগজের ব্যালট ব্যবহার করছে এবং ডাকযোগে ভোট পাঠানোর পদ্ধতি অনেক দেশই পরিত্যাগ করেছে।

ট্রাম্প বলেন, “পৃথিবীতে এমন খুব কম দেশ আছে যেখানে ডাকযোগে ব্যালট পাঠানো হয়। অনেক দেশ এটি চেষ্টা করেছিল। ফ্রান্সও চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন তারা কাগজের ব্যালটে ফিরে গেছে।”

তিনি আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তা অন্য কোনো দেশ অনুসরণ করছে না।

ট্রাম্পের অভিযোগ, “আমরা যা করছি তা আর কেউ করছে না। আর আমেরিকার নির্বাচনের মতো এত দুর্নীতিগ্রস্ত নির্বাচন পৃথিবীর আর কোথাও নেই।”

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে কাগজের ব্যালট ব্যবস্থার ওপর জোর দেন মার্কিন প্রেসিডেন্ট।

তার মতে, কাগজের ব্যালটে বিশেষ জলছাপ বা ওয়াটারমার্ক এবং কোড ব্যবহার করা সম্ভব, যা জাল করা খুবই কঠিন। এতে নির্বাচন আরও নিরাপদ হবে।

ট্রাম্প ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার পক্ষে অবস্থান নিয়ে বলেন, যারা ভোটার আইডির বিরোধিতা করে তারা আসলে নির্বাচনে প্রতারণার সুযোগ রাখতে চায়।

তার ভাষায়, ভোটার আইডির বিরুদ্ধে অবস্থান নেওয়ার একমাত্র কারণ হলো জালিয়াতি করার সুযোগ তৈরি করা।

এ সময় তিনি আরও কয়েকটি রাজনৈতিক ইস্যু তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নারীদের খেলাধুলায় পুরুষদের অংশগ্রহণের বিরোধিতা, উন্মুক্ত সীমান্ত নীতির সমালোচনা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ট্রান্সজেন্ডার অস্ত্রোপচারের বিরোধিতা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের একাংশের জন্য ভোটগ্রহণ হবে। এর আগে বিভিন্ন অঙ্গরাজ্যে দলগুলোর প্রার্থী নির্ধারণের জন্য প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ডোনাল্ড ট্রাম্প