আন্তর্জাতিক

সাত দিনে লেবাননে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে চলমান সংঘাতে মাত্র এক সপ্তাহে অন্তত ৮৩ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫৪ জন। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

সংস্থাটির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ তীব্র হয়ে ওঠার পর থেকেই শিশুদের হতাহতের ঘটনা দ্রুত বাড়ছে। গেল সাত দিনে প্রতিদিন গড়ে ১০ জনের বেশি শিশু নিহত এবং প্রায় ৩৬ জন আহত হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, গেল ২৮ মাসে লেবাননে সংঘাতের কারণে মোট ৩২৯ জন শিশু প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ১ হাজার ৬৩২ জন। এই পরিসংখ্যানকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে ইউনিসেফ।

ইউনিসেফ জানিয়েছে, চলমান সহিংসতা শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনাও ঘটেছে। এতে প্রায় ৭ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, যাদের মধ্যে প্রায় ২ লাখই শিশু।

ইউনিসেফ সব পক্ষকে বেসামরিক মানুষ ও অবকাঠামো—বিশেষ করে স্কুল ও আশ্রয়কেন্দ্র—সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলারও তাগিদ দিয়েছে সংস্থাটি।

পরিস্থিতি দ্রুত শান্ত করতে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে ইউনিসেফ বলেছে, শিশুদের আরও ক্ষতির হাত থেকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #লেবানন #ইউনিসেফ #জাতিসংঘ #শিশু বিষয়ক সংস্থা