জাতীয়

হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি

শরিফ ওসমান হাদির হত্যায় জড়িত গ্রেপ্তার দুজনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, তাদের অচিরেই দেশে আনা হবে।

সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদর দফতরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইজিপি এ কথা বলেন।

আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে, এবং প্রতিটি থানা হবে জিরো কমপ্লেইন সেন্টার।

তিনি বলেন, পুলিশ সদস্যদের অতিউৎসাহী বা অনিয়ন্ত্রিত ভূমিকা পালন করা অনুমোদিত হবে না, জনগণকে অবশ্যই আইন মেনে চলতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কাজ করলে ছাড় দেওয়া হবে না।

আইজিপি উল্লেখ করেন, পুলিশের পদোন্নতি ও পদায়নে স্বজনপ্রীতি চলবে না এবং পুলিশে শুধুমাত্র সৎ ও যোগ্য ব্যক্তিই থাকবে। 

আইজিপি আরও জানান সরকারের পরিকল্পনার অংশ হিসেবে, দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর ব্যবস্থা করা হবে। এছাড়া পুলিশের পোশাক সংক্রান্ত সিদ্ধান্তও সরকার নির্ধারণ করবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাদি #শরিফ ওসমান হাদি #আইজিপি #আলী হোসেন ফকির