চলতি সপ্তাহে ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা থাকলে নিউইয়র্কের বাসিন্দাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথরিটি। সংস্থাটি জানিয়েছে, ১২ মার্চ পর্যন্ত বিভিন্ন বিমানবন্দর, সেতু, টানেল ও ট্রানজিট হাব সাময়িক বন্ধ, রাস্তার বাঁক ও ট্র্যাফিকের ধরণ পরিবর্তন এবং টার্মিনালের কাছে যানজটের কারণে যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে।
সবচেয়ে বেশি প্রভাব পড়ছে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান নির্মাণকাজ, নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অস্থায়ী রেল পরিষেবা বন্ধ এবং জর্জ ওয়াশিংটন সেতু, লিংকন টানেল ও হল্যান্ড টানেলে রাতের বেলা লেন বন্ধ থাকার কারণে। এ পরিস্থিতিতে যাত্রীদের সম্ভব হলে গণপরিবহন ব্যবহার করতে এবং ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে দেরির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৯ বিলিয়ন ডলারের পুনর্নির্মাণ প্রকল্পের কাজ চলছে। এর ফলে বিমানবন্দরের আশপাশে ট্রাফিকের ধরণে পরিবর্তন এসেছে। অনেক সড়কে পথ পরিবর্তন ও নতুন রুট চালু করা হয়েছে। টার্মিনালের কাছাকাছি এলাকায় যানজট বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিমানবন্দরে পৌঁছাতে বিকল্প হিসেবে লং আইল্যান্ড রেল রোডে জামাইকা স্টেশন হয়ে এয়ারট্রেনে যাওয়া অথবা নিউইয়র্ক সিটি সাবওয়ে কিংবা বাসে জামাইকা বা হাওয়ার্ড বিচ স্টেশন হয়ে এয়ারট্রেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। লেফার্টস বুলেভার্ড স্টেশনের ফ্রি ড্রপ-অফ ও পিকআপ পার্কিং ব্যবহার করেও এয়ারট্রেনে করে টার্মিনালে পৌঁছানো যাবে বলে জানানো হয়েছে।
টার্মিনাল ৫ ও টার্মিনাল ৭–এ যাত্রী ওঠানামা, ট্যাক্সি ও রাইড-শেয়ার ব্যবস্থাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
অন্যদিকে, নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারট্রেন প্রতিস্থাপন প্রকল্পের কাজের জন্য স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৩০ মিনিট থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত বিমানবন্দর স্টেশনে সব রেল পরিষেবা বন্ধ থাকবে। এই সময় নিউয়ার্ক পেন স্টেশন ও পি–৪ এয়ারট্রেন স্টেশনের মধ্যে বিনামূল্যে শাটল বাস চলবে। তবে টার্মিনালের ভেতরে এয়ারট্রেন স্বাভাবিকভাবে চলবে।
লা গার্ডিয়া বিমানবন্দরে বড় কোনো পরিষেবা বন্ধের ঘোষণা নেই, তবে পার্কিং সীমিত থাকায় যাত্রীদের গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে রক্ষণাবেক্ষণ কাজের কারণে পাথ ট্রেন পরিষেবাতেও কিছু পরিবর্তন থাকবে। রাত ১১টা ৫৯ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত নাইন স্ট্রিট ও টুয়েন্টি থ্রি স্ট্রিট স্টেশন বন্ধ থাকবে। যাত্রীদের বিকল্প হিসেবে ক্রিস্টোফার স্ট্রিট বা থার্টি থ্রি স্ট্রিট স্টেশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সময়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনে রাত ১টা থেকে ৫টা পর্যন্ত সীমিত প্রবেশ থাকবে।
সড়কপথেও বিভিন্ন সেতু ও টানেলে আংশিক লেন বন্ধ থাকবে। জর্জ ওয়াশিংটন সেতুতে কয়েকটি লেন সাময়িকভাবে বন্ধ রাখা হবে। লিংকন টানেলের বিভিন্ন টিউব নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে এবং হল্যান্ড টানেলে রবিবার থেকে বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত প্রতিটি দিকে একটি করে লেন বন্ধ থাকবে। এছাড়া বেয়োন সেতু ও আউটারব্রিজ ক্রসিংয়েও নির্মাণকাজের কারণে কিছু সময় লেন বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর উন্নয়ন, সড়ক মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণেই এসব সাময়িক বিঘ্ন তৈরি হয়েছে। ভ্রমণের আগে পরিকল্পনা করে বের হওয়া এবং সময় হাতে রেখে যাত্রা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।
এমএ//