আন্তর্জাতিক

আফগানিস্তানের বিরুদ্ধে ‘খোলা যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, সংঘাতে নিহত ১৩৩ আফগানি

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ চলছে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, আফগানিস্তানে ‘গাজাব লিল-হক’ নামের সামরিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানি বাহিনী। অভিযানে অন্তত ১৩৩ জন আফগানি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খাজা আসিফ অভিযোগ করেন, আফগানিস্তান “সন্ত্রাসীদের” সংগঠিত করছে এবং “সন্ত্রাসবাদ রপ্তানি” করছে। তিনি আরও দাবি করেন, আফগান শাসকগোষ্ঠী বিশেষ করে নারীদের মানবাধিকার থেকে বঞ্চিত করছে এবং ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। 

এক পোস্টে তিনি লেখেন, “এখন আমাদের এবং আপনাদের মধ্যে সরাসরি যুদ্ধ চলছে। পাকিস্তানের সেনাবাহিনী সমুদ্র পাড়ি দিয়ে আসেনি। আমরা আপনাদের প্রতিবেশী; আপনাদের ভেতরের-বাইরের সবকিছু আমরা জানি।”

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ‘অপারেশন গাজাব লিল-হক’–এর অগ্রগতি তুলে ধরে বলেন, অভিযানে ১৩৩ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি। 

তার দাবি, কাবুল, পাকতিয়া ও কান্দাহার এলাকায় তালেবানের প্রতিরক্ষা সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী আরও জানান, আফগান তালেবান শাসনের ২৭টি চৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তানি বাহিনী।

তবে এ বিষয়ে আফগান কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আফগানিস্তান #পাকিস্তান #খাজা আসিফ #গাজাব লিল-হক