জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের সদ্য জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এসময় তিনি তারেক রহমানের হাতে মোদির অভিনন্দন বার্তা ও আমন্ত্রণ পৌঁছে দেন।

নরেন্দ্র মোদি বার্তায় জানান, ‘এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের ওপর গভীর আস্থা এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশ এগিয়ে নেয়ার স্বপ্নের প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর। দুই দেশের উন্নয়নের অগ্রাধিকারগুলোর মধ্যে দারুণ মিল রয়েছে, যা আগামী দিনে আমাদের সহযোগিতার মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

 ভারতের প্রধানমন্ত্রী কানেকটিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বহুমুখী ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

 

নরেন্দ্র মোদি বলেন,  আমি আপনাকে, ডা. জুবাইদা রহমান এবং আপনার মেয়ে জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নরেন্দ্র মোদি #তারেক রহমান