রাজনীতি

কৃষক-শ্রমিকদের অসম্মান আমার বাবাকে অপমান করার শামিল: জামায়াত আমির

“আমি কোনো ধনী পরিবারে জন্ম নেইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।” এভাবেই নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জের ইটনা উলজেলার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির জানান, সাধারণ মানুষকে সম্মান করা তার ঈমানি দায়িত্ব। তিনি বলেন, কৃষক-শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন এবং তাদের ঘামের গন্ধ তার কাছে আতরের মতো মনে হয়। 

কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন—এমন আচরণের সমালোচনা করে তিনি বলেন, তিনি শ্রমজীবী মানুষের ঘামকে সম্মানের চোখে দেখেন।

তিনি আরও বলেন, দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে তিনি বিশেষ আনন্দ পান—নিষ্পাপ শিশু এবং দিনমজুর-শ্রমজীবী মানুষ, যারা রক্ত-ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হালাল খাবার তুলে দেন।

স্মরণসভায় শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যতদিন সংগঠনের দায়িত্বে থাকবেন ততদিন এ দায়িত্ব পালন করবেন এবং ভবিষ্যৎ নেতৃত্বও তা বহাল রাখবেন বলে আশা প্রকাশ করেন।

ইটনার কর্মসূচি শেষে তিনি নিকলি উপজেলার ছাতিরচরে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে সকাল ৮টার দিকে তিনি সড়কপথে কিশোরগঞ্জ  শহরে পৌঁছান।

উল্লেখ্য, গেল ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন। এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আরেকটি নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম (৫০) মারা যান।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডা. শফিকুর রহমান #বাংলাদেশ জামায়াতে ইসলামী