বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত একজনের মৃত্যু হয়েছে। নিহত ওসমান সরদার (২৯) স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিলেন বলে জানা গেছে। তিনি বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই এনামুল কবির সরদার জানান, ওই এলাকায় ধানের শীষের লোকজন ঘোড়ার প্রতীকের লোকজনদের খুঁজছিল। এ সময় তার ভাইসহ কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে রামদা দিয়ে তার ভাইয়ের মাথায় আঘাত করে ধানের শীষের সমর্থকরা।
গুরুতর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে খুলনায় পাঠান। আজ সকালে তার ভাইকে মৃত ঘোষণা করা হয়।
ওসি মো. মাসুম খান জানান, ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।
বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়াই করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এই দুই প্রার্থীকেই বড় ব্যবধানে হারিয়ে এ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
আই/এ