প্রবাসে কোনো বাংলাদেশী মারা গেলে তার মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে আনা হবে এবং পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে। এমন প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘প্রবাসে কোনো শ্রমিক মারা গেলে রাষ্ট্রীয় দায়িত্বে লাশ দেশে ফিরিয়ে আনা হবে। কেউ প্রবাসে গিয়ে মারা গেলে তার পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। কোনো টেলাটেলি চলবে না।’
তিনি বলেন, ‘নিউইয়র্কসহ বিশ্বের সকল দেশের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সরাসরি ফ্লাইট চালু করা হবে।’
আইনের শাসনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন সবার জন্য সমান। টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া—সমস্ত মানুষ পরিবর্তন চায়। তারা নতুন বাংলাদেশ গড়তে চায়।’
এর আগে সকালে হবিগঞ্জের স্থানীয় নিউফিল্ড মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি। সেখানে বলেন, ‘ক্ষমতায় গেলে আইন সকলের জন্য সমান হবে। টাকার কাছে বিচার বিক্রি হবে না। সবাই ন্যায় বিচার পাবে। বাংলাদেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত হয়ে কেউ চরিত্র হননের রাজনীতি করবে সেই বাংলাদেশ চাই না। আমরা নির্বাচিত হলে জনপ্রতিনিধি এবং তার পরিবারের আয়-ব্যয়ের হিসেব দিতে বাধ্য থাকবে।’
রাজনীতির চরিত্র নিয়ে তিনি বলেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে জামায়াত দায়িত্ব হিসেবে নিয়েছে। রাজনীতি যাদের পেশা, তারা দুর্নীতি ও চাঁদাবাজি করে। ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দেওয়া হবে। ব্যবসায়ীদের চিন্তা নিয়ে ঘুমাতে যেতে হবে না।’
এমএ//