আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের সব দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারা দেশে দোকান, মার্কেট ও শপিং মল বন্ধ রাখা হবে।
এর আগে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে শিল্পকারখানার শ্রমিকরা টানা তিন দিন—১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—ছুটি পাবেন।
এদিকে, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সরকারি ছুটি থাকে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্বাচনকে ঘিরে টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
এসি//