বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা নিশ্চিত করে সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া হবে। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “বিএনপি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার নিশ্চিত করতে চাই। এমন একটি দেশ উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা। এ লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি বলেন, ‘আমাদের সমস্যা অনেক। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।’
তিনি আরও বলেন ‘আপনারা আপনাদের মূল্য সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলেছেন। আমরা আমাদের সাধ্যমত আপনাদের সমস্যাগুলো আরো শুনব, আরো জানব।
তারেক রহমানের সহধর্মিনী বলেন, ‘আমরা বলি, আমার আগে ‘আমরা’, আমাদের আগে ‘দেশ’, ক্ষমতার আগে ‘জনতা’, সবার আগে ‘বাংলাদেশ’, ভেদাভেদের আগে ‘সমতা’, সবার জন্য ‘সমান সুযোগ-শ্রমের মর্যাদা’। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার’।'
ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। এতে কড়াইল, ভাষানটেক ও সাততলার কর্মজীবী রিকশা চালক, বাস চালক, পোষাক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, বাংকার্স, সিষ্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পেশার মানুষজন অংশ নেন।
আই/এ