আন্তর্জাতিক

ইরানে নতুন হামলার পরিকল্পনা নেতানিয়াহুর, আপত্তি আইজেনকোটের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে নিরাপত্তা ব্রিফিং চেয়ে বিরোধে জড়িয়েছেন দেশটির সম্ভাব্য প্রধানমন্ত্রী ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট।

নির্বাচন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে জরুরি প্রয়োজন ছাড়া নিরাপত্তা বাহিনীকে ব্যবহার না করতে সম্প্রতি নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট। এর মধ্যেই নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে ইরানে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন নেতানিয়াহু—এমন খবর প্রকাশিত হয়। এরপর প্রধানমন্ত্রীর কাছ থেকে নিরাপত্তা ব্রিফিং চেয়ে আবেদন করেন আইজেনকোট।

ব্রিফিংয়ের ব্যবস্থা করতে তিনি অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপও চেয়েছেন। আইজেনকোটের যুক্তি, প্রেসিডেন্ট তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এছাড়া দেশে বর্তমানে কোনো বিরোধীদলীয় নেতাও নেই। তাই নিয়মিত নিরাপত্তা ব্রিফিং ও গোয়েন্দা মূল্যায়নের তথ্য পাওয়ার অধিকার তার রয়েছে।

আইজেনকোটের অভিযোগ, ব্রিফিংয়ের সময় নির্ধারণ করতে তার দল প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে আহ্বান জানিয়েছেন, যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে যেন যথাযথ অনুমোদনের প্রক্রিয়া নিশ্চিত করা হয়। তার মতে, জাতীয় নিরাপত্তা রক্ষায় এটি জরুরি।

আইজেনকোটের চিঠির জবাবে নেতানিয়াহুর সরকার বলেছে, ‘ইয়াশার পার্টির প্রধান জাতীয় নিরাপত্তাকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। এ ধরনের বিষয় প্রকাশ্যে আলোচনা করা উচিত নয়।’

প্রধানমন্ত্রীর দপ্তর আরও বলেছে, নিরাপত্তাসংক্রান্ত স্পর্শকাতর বিষয় প্রকাশ্যে এনে আইজেনকোট দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। ভয় ও বিভেদ না ছড়িয়ে সবার দায়িত্বশীল থাকা উচিত।

এর জবাবে আইজেনকোট বলেন, প্রচলিত নিয়ম মেনেই সরকারি চ্যানেলের মাধ্যমে সামরিক অভিযানের বিষয়ে তথ্য চেয়েছিলেন তিনি। কিন্তু নেতানিয়াহু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

এদিকে ইরানে নতুন সামরিক পদক্ষেপের বিষয়ে নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তির খবর গেল মঙ্গলবার প্রকাশ করে ইসরাইলের একটি সংবাদমাধ্যম। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর পরিকল্পিত পদক্ষেপের বিরোধিতা করেছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। নির্বাচনের আগেও একই ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছিলেন তিনি।

উল্লেখ্য, রাজনীতিতে যোগ দেওয়ার আগে গাদি আইজেনকোট ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #নেতানিয়াহু #আইজেনকোট