নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বুধবার (০৪ নভেম্বর) সকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ সময় হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে তারা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনার চেষ্টা করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরে শ্রমিকরা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কাঠেরপুল এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকায় যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিল্প পুলিশ ও থানা-পুলিশ তাদের বাধা দেয়। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কাঠেরপুল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, “মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে এসে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।”
তিনি আরও জানান, কয়েকজনকে আটক করা হয়েছে। যেকোনো মূল্যে শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেওয়া হবে না। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
এর আগে গত দুই দিন ধরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই সড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) তারেক আল মেহেদী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এসি//