ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণহারে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনার পর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইমেইলে হুমকি দেওয়া হয়। আজ (৫ অক্টোবর) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইমেইলে মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণহারে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম তদন্ত করছে।’
ওই মেইলে বলা হয়, “মনে রাখবেন, যা ঘটতে যাচ্ছে তা আপনাদের কেউই ঠেকাতে পারবেন না।”
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফাতিউস ফাহমিদ জানান, ‘আমরা ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়েছি এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পাচ্ছি। এই মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
আই/এ