দেশজুড়ে

নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলায় অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. শাহাদত হোসেন (৩৮) নামে এক চালকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। শাহাদত হোসেন রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে খোকশাবাড়ী গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় থাকতেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকায় একটি খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর শাহাদতের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে শনিবার সদর থানায় জিডি করেন পরিবারের সদস্যরা।

এরপর রোববার বিকেলে ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের কাছাকাছি বলিদহ এলাকার একটি মাঠে খেতের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, মরদেহটি নিখোঁজ অটোরিকশাচালক শাহাদত হোসেনের।

ওসি মো. রাকিবুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে শাহাদতকে শ্বাসরোধ করে হত্যার পর তার অটোরিকশা নিয়ে দুর্বৃত্তরা চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #অটোরিকশা চালক