সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা।
রোববার (৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ওই এলাকায় সৌদি আরামকোর একটি শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন অগ্নিনির্বাপণকর্মীরা।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা সৌদি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হুথিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, তাদের হামলার পর লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে আগুন ধরে যায়।
তিনি বলেন, ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় সৌদি বিমান হামলার জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী সানা ও অন্যান্য এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে হুথিদের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এমএ//