পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আহত দুজন হলেন সৈকত ও তন্ময়। সৈকত দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। তন্ময় কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে তিনজন আহত হন। এতে তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি, তন্ময়কে প্রায়ই এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজাদ রহমান বলেন, হাসপাতালে আনার পথেই আলমগীর প্রধানের মৃত্যু হয়। আহত দুজনের মধ্যে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএ//