দেশজুড়ে

শ্রমিকবাহী বাস উল্টে নারীসহ আহত ১৫

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নারী শ্রমিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জিএমএস টেক্সটাইলের শ্রমিকবাহী বাসটি কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তা থেকে উল্টে পাশে পড়ে গেলে ভেতরে থাকা নারীসহ ১৫ জন শ্রমিক আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকালে কারখানার আহত শ্রমিকরা হাসপাতালে আসার পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, কুতুবদিয়া এলাকায় বাস দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #বাস #উল্টে #শ্রমিক #আহত