জাতীয়

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।

সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় স্পিকারের দায়িত্ব ও ক্ষমতা বর্তমানে কায়সার কামাল পালন করছেন। আইন মন্ত্রণালয়ের সাংবিধানিক ব্যাখ্যার পর শপথ পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। বাকি ছয়জন ভোটদানে অংশ নেননি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি