নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
আমন্ত্রিত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনসংলগ্ন এলাকায় যান চলাচলে কিছু বিধিনিষেধ থাকবে। তবে এসব নির্দেশনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ডিএমপির নির্দেশনাগুলো হলো—
মতিঝিলের শাপলা চত্বরসংলগ্ন অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে না।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা, ইউবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলোকে বিকল্প সুবিধাজনক সড়ক ব্যবহার করতে হবে।
দৈনিক বাংলা থেকে রাজউকের দিকে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলো জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে পারবে।
এছাড়া জিরো পয়েন্ট থেকে ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং, শাপলা চত্বর ও ইত্তেফাক হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, চালকদের সম্ভব হলে উল্লেখিত সড়কগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে হবে। বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় সাময়িক যানজট বা চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এ জন্য ডিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এমএ//