উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাগরে বিধ্বস্ত হয়েছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। এতে হেলিকপ্টারটিতে থাকা তিন আরোহীরই মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যম কাঠিমেরিনির প্রতিবেদনে বলা হয়েছে, বেল মডেলের হেলিকপ্টারটি সিফনোসের কাছের একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপটির আকাশসীমা দিয়ে এর উড়ে যাওয়ার কথা ছিল।
তবে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি সাগরে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কাঠিমেরিনির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার মাত্র দুই মাস আগে হেলিকপ্টারটির পাইলটকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে পাইলটের নিয়োগের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
এসি//