ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর খবর শুনে বিষপানে আত্মহত্যা করেছেন তানভীর হোসেন (১৯) নামে এক যুবক। নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুর চানমারী এলাকায় এ ঘটনা ঘটে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তানভীরের বোন জানান, তানভীরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুর শোক সহ্য করতে না পেরে সোমবার বিকেলে তানভীর বিষপান করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ওসি মাহমুদুল হাসান জানান, নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আর/আই