জাতীয়

বগুড়ার বিতর্কিত সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিতর্ক এড়াতে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনেই এই নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল জেলা প্রশাসকের বরাত দিয়ে এ তথ্য জানায়।

মিডিয়া সেল আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে আবার গণশুনানি করা হবে।

গত সোমবার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ি’ নামে, যা তার বংশের নামের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মোকামতলা উপজেলার সৈয়দপুর ও দেউলি ইউনিয়ন আকারে অনেক বড় ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন নাম নির্ধারণ করেছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে গাইবান্ধা জেলার কাছাকাছি এবং তুলনামূলক দূরবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় অন্য ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘দিগন্ত ইউনিয়ন’। ‘মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে।’

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

 

 আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #স্থানীয় সরকার প্রতিমন্ত্রী #ইউনিয়ন