জাতীয়

১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি

বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। এর মধ্যে কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন এবং নতুন বিভাগে ইউএনও হিসেবে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

 প্রজ্ঞাপনে বলা হয়েছে, টাঙ্গাইলের কালিহাতীর ইউএনও মো. খায়রুল ইসলামকে জামালপুরে, রাঙ্গামাটি সদরের ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীকে খাগড়াছড়িতে, চট্টগ্রামের কর্ণফুলীর ইউএনও সজীব কান্তি রুদ্রকে বান্দরবানে এবং ফেনীর সোনাগাজীর ইউএনও রিগ্যান চাকমাকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেয়া হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জের এডিসি মোহাম্মদ নাহিদ হাসান খানকে সাতক্ষীরায় এবং বান্দরবানের এডিসি মো. আবু তালেবকে ব্রাহ্মণবাড়িয়া জেলার এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে ছয় কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর মধ্যে কক্সবাজারের ঈদগাঁওয়ের ইউএনও মংচিংনু মারমাকে সিলেট বিভাগে এবং জামালপুরের ইসলামপুরের ইউএনও নাজমুল হুসাইনকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ ডিসি অফিসের সিনিয়র সহকারী কমিশনার কাজী তাহমিনা শারমিনকে রাজশাহী বিভাগে, পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন, রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথি এবং জাতীয় নদী রক্ষা কমিশনের উপপ্রধান নূরী তাসমিন ঊর্মিকে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ন্যস্তকৃত কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে আগামী ২৪ জুন তারিখের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিসিএস #প্রশাসন ক্যাডার #পদোন্নতি ও বদলি