আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে আজ হচ্ছে না যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ-পরবর্তী সমঝোতা বাস্তবায়ন নিয়ে আজ সুইজারল্যান্ডে যে বৈঠক হওয়ার কথা ছিল, তা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুর্গেনস্টক রিসোর্টে নির্ধারিত আলোচনাটি আজ হচ্ছে না।

শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হবে না।খবর আলজাজিরা।

এর আগে হোয়াইট হাউসও নিশ্চিত করে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নির্ধারিত সময় অনুযায়ী সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন না।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, “ভাইস প্রেসিডেন্ট যেমনটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রয়োজন হলে দ্রুত রওনা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, “এই ধরনের আলোচনা আয়োজনের লজিস্টিক প্রক্রিয়া কখনোই সহজ বা পুরোপুরি পূর্বানুমানযোগ্য নয়। বর্তমানে ভাইস প্রেসিডেন্টের আজ রাতে সুইজারল্যান্ড যাওয়ার কোনো পরিকল্পনা নেই।”

তবে বৈঠকটি পুরোপুরি বাতিল হয়ে গেছে—এমনটি এখনই বলছে না ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হলে তা দ্রুত জানানো হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। তবে চুক্তি বাস্তবায়নের পদ্ধতি, ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো দুই পক্ষের মধ্যে আরও আলোচনা বাকি রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান