বিদেশে চাকরির নামে প্রতারণার অভিযোগে খসরু পারভেজ ভূঁইয়া (৩৮) নামের সৌদি প্রবাসী যুবককে গ্রেপ্তার করেছে । তার বিরুদ্ধে সৌদি আরবে চাকরি দেয়ার নাম করে দেশ থেকে লোক নিয়ে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়েরও অভিযোগ রয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে পাশের জেলা কিশোরগঞ্জের ইটনা উপজেলার থানেশ্বর এলাকার সালিশে বৈঠক থেকে তাকে আটক করা হয়। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী মোহন মিয়ার দায়ের করা মামলায় এজাহার সূত্রে জানা যায়, গত বছর বেশি বেতনে চাকরি দেওয়ার কথা বলে খসরু পারভেজ ভূঁইয়া তাকে সৌদি আরব যাওয়ার প্রস্তাব দেন। সে সুবাদে চুক্তি অনুযায়ী মোহন মিয়া সাড়ে পাঁচ লাখ টাকা পরিশোধ করে গত বছর ২২ জানুয়ারি সৌদি আরব যান।
সৌদি আরব যাওয়ার পর খসরু মোহন মিয়াকে তার ভাড়া করা একটি বাড়িতে নিয়ে উঠান। কিন্তু চুক্তি অনুযায়ী মোহন মিয়া কে তিনি কোন কাজ দেননি এর মধ্যে মোহন মিয়ার কাছ থেকে পাসপোর্ট সহ সমস্ত কাগজপত্র নিয়ে যান খসরু।
মোহন কাঙ্ক্ষিত কাজ না পেলে চুক্তি অনুযায়ী আকামার কথা বললে খসরু তাকে জিম্মি করেন। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে সাড়ে ১১ লাখ টাকা মুক্তিপণ দিয়ে মোহন দেশে ফিরেন।
দেশে ফেরার পর ভুক্তভোগী মোহন মিয়া নেত্রকোনা অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলতি বছর ৯জুন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ অনুযায়ী খসরুসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ রয়েছে খসরু অনেকের কাছ থেকে বিদেশে চাকরির নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। খসরুর গ্রেপ্তারের খবর শুনে প্রতারণার স্বীকার হুমায়ুন কবির, সোহেল, জুয়েল, মোজাম্মেল, শরিফুজ্জামান শুভসহ কয়েকজন থানায় ভিড় করেন।
ইটনা উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াদ বলেন, খসরু পারভেজ ভূঁইয়া কয়েকদিন আগে সৌদি আরব থেকে বাড়ি আসেন। এর আগে তিনি সৌদি আরব অনেক লোক নিয়েছেন। তার বিরুদ্ধে অনেক রকমের অভিযোগও শুনেছি। স্থানীয় যুবককে রবিনকে সৌদি আরব নেন খসরু। নেওয়ার পর চুক্তি অনুযায়ী তাকে সৌদি আরবে একটি লাইসেন্স করে দেওয়ার কথা ছিল। এটি করে না দিয়ে খসরু গড়িমসি শুরু করেন। পরে আরও অতিরিক্ত টাকা দিয়ে রবিন সেখানে লাইসেন্স করে নেন। এই টাকা ফেরত এর জন্য মঙ্গলবার রাতে একটি সালিশি বৈঠক আমরা এলাকাবাসী বসি। এ সময় নেত্রকোনার মদন থানায় মামলা থাকায় পুলিশ এসে তাকে গ্রেফতার করেন।
ওসি মো: সালাউদ্দীন করিম জানান, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩ অনুযায়ী খসরু পারভেজ ভূঁইয়া নামে এক সৌদি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আই/এ