রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে জনসাধারণ

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে সড়কে অবস্থান নেন তারা। এতে সড়কটির দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী ও তেজগাঁও এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

অবরোধকারী শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, গেল মে মাসের বেতন দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি ২০২৫ সালের ছুটির টাকা এবং ডিসেম্বর ২০২৫-এর এরিয়া বিল পরিশোধের দাবিও জানান তারা।

শ্রমিকদের সাত দফা দাবির মধ্যে আরও রয়েছে নোটিশ পে-বিল পরিশোধ, শ্রম আইন অনুযায়ী পরবর্তী চার মাস বা ১২০ দিনের বেতন-ভাতা প্রদান এবং সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট শতভাগ পরিশোধ।

এ ছাড়া পাওনা আদায়ের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের হয়রানি না করার দাবিও জানিয়েছেন তারা। শ্রমিকদের অভিযোগ, মামলা, হুমকি, ভয়ভীতি, শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে তাদের চাপে রাখার চেষ্টা করা হচ্ছে।

শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #সড়ক অবরোধ