যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)।
সোমবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১২ জুন গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হলে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় পলাতক থাকা অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমনকে (২৪) গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
আই/এ