দেশজুড়ে

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা এলাকার আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)।

 সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজি  টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে পথে তাদের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন পেকুয়া উপজেলার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২) এবং নিহত হাসান আলীর পরিবারের সদস্য পাখি বেগম (৫৫) ও রামিম (১০)।

ওসি মেহেদী হাসান জানান, যানবাহন দুটি থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার