জাতীয়

৩০ দিনের মধ্যে বেনজীরকে বাংলাদেশে ফেরত নেয়ার আহ্বান আমিরাতের

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ভিত্তিতে ইন্টারপোলের জারি করা রেড নোটিশ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

জানা গেছে, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশে যাওয়ার পথে দুবাই বিমানবন্দরে ট্রানজিট অবস্থায় তাকে আটক করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বিষয়টি জানিয়ে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়। শুনানি শেষে দেশটির ‘ফেডারেল আইন নং ৩৯/২০০৬’-এর ১১ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দুবাই থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ নম্বর এ-৫১৭৪/৪-২০২৫ অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আমিরাতের আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর নির্ধারিত সময়ের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে লিখিতভাবে প্রত্যর্পণের আবেদন জানাতে হবে। তা না হলে পরবর্তী আইনি জটিলতা তৈরি হতে পারে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

এছাড়া দেশটির আইন অনুযায়ী, বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে, যথাযথ স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

প্রয়োজনীয় নথিসমূহ নিম্নরূপ:

১. অভিযুক্ত ব্যক্তির নাম, বিস্তারিত বিবরণ, ছবি এবং তার জাতীয়তা ও আবাসন সংক্রান্ত তথ্য।

২. যে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, বাংলাদেশের আইনে তার সুনির্দিষ্ট ধারা, সর্বোচ্চ শাস্তি এবং সীমাবদ্ধতার সংবিধির কপি।

৩. বাংলাদেশের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা।

৪. মামলার ঘটনার বিবরণ, অপরাধের ধরন, সময় ও স্থান উল্লেখপূর্বক তদন্ত প্রতিবেদনের অনুলিপি।

৫. যদি ব্যক্তিটি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তবে আদালতের রায় এবং সাজা কার্যকরের আনুষ্ঠানিক অনুলিপি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #দুদক #দুর্নীতি দমন কমিশন #রেড নোটিশ #আইজিপি #বেনজীর আহমেদ