পবিত্র ঈদুল আজহার নামাজ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে আদায় করবেন সরকারের নীতিনির্ধারক, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীতে আরও নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।
দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ আদায় করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ঈদ করবেন নরসিংদীর পলাশ থানা এলাকায়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে ঈদের নামাজ আদায় করবেন।
এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নিজ জেলা ভোলায় এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। সরকারের অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য এবার নিজ নিজ নির্বাচনী এলাকাতেই ঈদ উদযাপন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজনও থাকবে।
আর/আই