দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে গ্যাসের বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— গলানিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ইমাম হোসেন (৩০), রোকন আলীর ছেলে হৃদয় মিয়া (২৫), দুলাল মিয়ার ছেলে মেহেদী (২২) এবং ধর্মতীর্থ এলাকার শুক্কুর আলীর ছেলে আরমান (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গলানিয়া গ্রামের বাসিন্দা আলী মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন হৃদয় মিয়া ও মেহেদী। দীর্ঘ সময় পার হলেও তারা ওপরে না উঠলে সন্দেহ হয়। পরে তাদের খোঁজ নিতে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন আরমান ও ইমাম হোসেন। একপর্যায়ে চারজনই বিষাক্ত গ্যাসের প্রভাবে অচেতন হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সেপটিক ট্যাংক থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #সেপটিক ট্যাংক