সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগে।
রোববার (১৭ মে) আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ের বাইরে এ আগুনের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেজস্ক্রিয় নিরাপত্তার মাত্রাতেও কোনো প্রভাব পড়েনি।
কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বর্তমানে নিরাপদ রয়েছে।
তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান, যা অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়।
বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। একইসঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত আছে এবং নতুন করে আরেক দফা বৈঠকের প্রস্তুতিও চলছে।
এমএ//