হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সালের নতুন হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে হজ ও ওমরাহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সময়সূচির পাশাপাশি ওমরাহ ভিসা পুনরায় চালুর নির্ধারিত তারিখও জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র যুলহিজ্জাহ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে আবারও ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে এবং ওই দিন থেকেই ওমরাহ পালনকারীরা সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন। এছাড়া সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ১ জুন থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ ও ওমরাহ পালনের অনুমতিপত্র বা পারমিট পুনরায় দেওয়া শুরু হবে।
নতুন সময়সূচিতে আরও জানানো হয়েছে, আসন্ন মৌসুমে প্রবাসীদের জন্য আগামী ৩১ সেপ্টেম্বর পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু অব্যাহত থাকবে। যেসব যাত্রী ভিসা পাবেন, তারা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ওমরাহ ভিসাধারীদের অবশ্যই আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এরই মধ্যে গত ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মে ওমরাহ এজেন্সিগুলোর জন্য প্রাক-পরিষেবা কার্যক্রম চালু করা হয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি ১২ মে থেকে ওমরাহ কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন চুক্তিভিত্তিক সেবা—যার মধ্যে প্রতিবন্ধী ও ঐতিহ্য-সংশ্লিষ্ট সেবাও রয়েছে—ইলেকট্রনিক পদ্ধতিতে চালু করা হয়েছে।
এসি//