মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সামনে মানববন্ধন করেছেন বাইকাররা। তারা সরকারের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
রোববার (১৭ মে) দুপুরে এনবিআর কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মোটরসাইকেল চালকরা এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন থেকে প্রস্তাবিত কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মোটরসাইকেল এখন আর বিলাসবহুল যান নয়। এটি অনেক মানুষের দৈনন্দিন প্রয়োজনের অংশ।
বাইকাররা আগে থেকেই নানা ধরনের সমস্যার মধ্যে রয়েছেন উল্লেখ করে আন্দোলনকারীরা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে গেল কয়েক মাস ধরে অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। এর মধ্যে নতুন করে কর আরোপ করা হলে সাধারণ ব্যবহারকারীদের ওপর আরও চাপ তৈরি হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, দেশে বিপুলসংখ্যক মানুষ রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন। তাই বাস্তবতা বিবেচনায় মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপ না করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, দেশের সব মোটরসাইকেলের ওপর বার্ষিক অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড।
এমএ//