সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। রোববার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত এ জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। পরে তিনি পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান জানাজার ইমামতি করেন। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক ও শিল্পোদ্যোক্তা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে।
মিজানুর রহমান সিনহা বিএনপির প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি তৎকালীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি দেশের ওষুধ শিল্পে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান একমি গ্রুপের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই বর্ষীয়ান নেতা সর্বশেষ মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে প্রথম জানাজা শেষে তার মরদেহ মুন্সিগঞ্জে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এসি//